মৌলভীবাজারের কমলগঞ্জে এক বিধবার বাড়ির রাস্তা কেটে এবং কলাগাছ লাগিয়ে বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের সুবেদা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার রাতে সুবেদা বেগমের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি কেটে জমির সঙ্গে মিশিয়ে দেয় প্রতিবেশী ইদ্রিছ মিয়াসহ (৪০) কতিপয় সন্ত্রাসী। তারা বাড়ি থেকে বের হওয়ার রাস্তা কেটে কলাগাছ লাগিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে। খবর পেয়ে মঙ্গলবার সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে সুবেদা তাদের কাছে অভিযোগ করেন। এ কারণে রাতে সুবেদার বাড়ির ১০টি গাছ কেটে ফেলে তারা। এ ঘটনার প্রতিবাদ করায় তার ওপর হামলা চালানো হয়।
সুবেদা দেশ রূপান্তরকে বলেন, ‘প্রায় ছয় মাস থেকে প্রতিবেশী সন্ত্রাসী ইদ্রিছ তার সহযোগীদের নিয়ে আমাকে বাড়িছাড়া করার জন্য হুমকি দিয়ে আসছে। তারা বাড়ির প্রবেশপথের রাস্তাটি কেটে চলাচল বন্ধ করে দেয়। মঙ্গলবার রাতে আমার বাড়ির ১০টি গাছ কেটে ফেললে তাতে বাধা দিলে আমাকে মারধর করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘সন্ত্রাসী ইদ্রিছ এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে দীর্ঘদিন ধরে ডাকাতি, জমি দখল, মাদকসহ নানা অপকর্ম করে আসছে।’
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে ইদ্রিছকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী আখারুন বেগম বলেন, ‘এটি রাস্তা নয়, আমরা নিজেদের জমিতে কলাগাছ রোপণ করেছি।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ‘শিগগিরই বিধবার রাস্তা উদ্ধার করে দেওয়া হবে ও নির্যাতনের বিষয়ে থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’
