যবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০২:১৮ এএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষকের বিরুদ্ধে চৌর্যবৃত্তির (প্ল্যাজিয়ারিজম) অভিযোগ উঠেছে। যবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমজাদ হোসেন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের লেখা নিজের নামে বাংলাদেশের দুটি পত্রিকায় প্রকাশ করে প্ল্যাজিয়ারিজম করেছেন বলে যুক্তরাষ্ট্রের ওই শিক্ষক বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে যবিপ্রবি প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা বিবেচনায় নিয়ে অতি দ্রুত সশরীরে বা অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় রিজেন্ট বোর্ডের এক সভায়।

গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদ জানান, রিজেন্ট বোর্ডের সভায় জানানো হয় যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের একটি লেখা যবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমজাদ হোসেন নিজের নামে বাংলাদেশের দুটি পত্রিকায় প্রকাশ করে প্ল্যাজিয়ারিজম করেছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ জমা পড়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সভায় যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য ও সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে অভিযোগের সত্যতা যাচাই এবং এতে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণœ হয়েছে কি না সেটি আমলে নিয়ে আগামী ২২ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া সভায় বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতি দ্রুত সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হয়। অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে কোনো অর্ডিন্যান্স না থাকায় যবিপ্রবির অ্যাকাডেমিক কাউন্সিল একটি নীতিমালা রিজেন্ট বোর্ডে পেশ করে। পরীক্ষা-নিরীক্ষার পর সেটিও পাস করা হয়। সর্বশেষ করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে অতি দ্রুত সশরীরে বা অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হবে মর্মে সিদ্ধান্ত হয়।

চৌর্যবৃত্তির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক মো. আমজাদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, তদন্তের আগে তিনি কিছুই বলতে চান না। যা কিছু বলার তদন্ত কমিটিকে বলবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত