রামেক করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১১:৫৪ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুজন আর করোনা উপসর্গে দুজন মারা গেছেন।

এর আগের ২৪ ঘণ্টায় এখানে মারা যান ছয়জন। এ নিয়ে চলতি মাসের ২৭ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ৩২০ জন।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৩৭ জন আর করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৫২ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৩১ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃত চারজনই পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে দুজনের বয়স ৬১ বছরের ওপরে। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এতজন আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন একজন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। শুক্রবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৯২ জন। এখানকার করোনা ইউনিটে মোট শয্যা সংখ্যা ৪১৮টি।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার রাজশাহীতে ৩৭২ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ২৫ ভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত