ভারতের কর্ণাটক রাজ্যে ধর্ষণের শিকার এক তরুণীর সন্ধ্যায় নির্জন জায়গায় যাওয়াকে দোষ হিসেবে দেখছেন দুই মন্ত্রী।
গত মঙ্গলবার রাতে ২৩ বছর বয়সী একজন এমবিএর ছাত্রী রাজ্যের মাইসুরুতে (কর্ণাটক) অজ্ঞাত চার-পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
কর্ণাটকের মাইসুরুর এ ধর্ষণ মামলা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। ধর্ষণের শিকার নারীর ওপর দোষ চাপিয়ে এর আগে রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী আরোগা জ্ঞানেন্দ্র বিবৃতি দিয়েছেন। তার কথায় সুর মিলিয়ে পর্যটনমন্ত্রী আনন্দ সিং বলেন, গণধর্ষণের শিকার সেই নারীর রাতের বেলা অরক্ষিত জায়গায় যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি।
তিনি আরও বলেন, প্রেমিক-প্রেমিকা হোক বা দম্পতি, এমন জায়গায় যাওয়া ঠিক না। আমরা নিষেধ করতেও পারি না, আবার সর্বত্র পুলিশ মোতায়েন করাও সম্ভব না।
এর আগে বৃহস্পতিবার দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও বেশ বিতর্ক তৈরি করেছে। তিনি বলেছেন, একটি নির্জন জায়গায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তারা গিয়েছিল। এমন সময়ে তাদের সেখানে যাওয়া ঠিক হয়নি। এই নির্জন জায়গাটিতে সাধারণত কেউ যায় না।
এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমার প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তাহলে কি বিজেপি সরকারের সময়ে মানুষ সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হতে পারবে না?
উল্লেখ্য, একই ধরনের মন্তব্য করেছেন কর্ণাটকের রাজ্য নারী কমিশনের সাবেক সভানেত্রী মঞ্জুলা মনসা। তিনি বলেছেন, এমবিএর ছাত্রী হয়েও এমন নির্জন স্থানে যাওয়া খুবই বিরক্তিকর ও লজ্জাজনক।
