গাজীপুরে শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় খুলবে

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০২:০২ এএম

শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি বিশ^বিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা আহ্বান করা হয়েছে। তাদের মতামত পেলে স্কুল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গতকাল শুক্রবার সকালে গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনীর ওপর একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিজ্ঞানসম্মতভাবে বলা হয় আক্রান্তের সংখ্যা ৫-এর নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। সে পরিস্থিতি এখনো বাংলাদেশে হয়নি। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষক সমিতিসহ জাতীয় কমিটির সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের জীবনভিত্তিক ৫টি ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল গাজীপুর ক্যাম্পাসে মিডিয়া সেন্টারে ‘বঙ্গমাতার জীবনাদর্শ, অনুপ্রেরণা ও আত্মত্যাগ’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি ও প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন আলোচনায় অংশ নেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আরিফা রহমান রুমা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এর আগে শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে এসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম তাকে স্বাগত জানান। এ সময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম উপস্থিত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী দীপু মনি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন বাউবি ক্যাম্পাসে শেখ রাসেল চত্বরে ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত