মিরপুরে পিকআপভ্যানের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:০০ এএম

রাজধানীর মিরপুরে পিকআপভ্যানের ধাক্কায় সায়েম (২) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল ৯টায় মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া বাবা রিকশা চালক মো. হীরা জানান, ২ ছেলে ও স্ত্রীকে নিয়ে মিরপুর ১১ নম্বর সেকশনের, ১৩ নম্বর রোড, সি ব্লক, আদর্শনগরের ১২ নম্বর বাসায় থাকেন। তার বড় ছেলের নাম সিয়াম (৮)।

তিনি জানান, সায়েম সকালে ঘুম থেকে উঠে গলির মুখের বড় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। তখন সেখানে মুরগি বহনকারী একটি পিকআপ থামানো ছিল। কিছুক্ষণ পর সেই পিকআপভ্যানটির চালক গাড়িটি স্টার্ট করে চালানো শুরু করলে গাড়িটির সামনের অংশের ধাক্কা লেগে সায়েম রাস্তায় পড়ে যায়।

এরপর গাড়িটির চাকা শিশুটির উপর দিয়ে উঠে যায়। পরে খবর পেয়ে শিশুটিকে স্থানীয় কয়েকটি হাসপাতালে নিয়ে যান বাবা হীরা। সেখান থেকে শেষে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পল্লবী থানা-পুলিশকে জানানো হয়েছে। শিশুটির বাবা জানিয়েছে পিকআপভ্যানটি স্থানীয়রা জব্দ করেছে, তবে তার চালক পালিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত