ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় ট্রলারের চালকসহ আটক ৩

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০১:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নৌকাডুবির ঘটনায় বালুবাহী ট্রলারের চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার চরইসলামপুর থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেন।

আটকরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার বাসিন্দা বালুবাহী ট্রলারের চালক জামির মিয়া (৩৫), সহযোগী মো. খোকন (২২) ও মো. রাসেল (১৮)।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বালুবাহী ট্রলারের চালকসহ তিনজনকে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের তিতাস নদের লইছকা বিলে শুক্রবার বিকেল ছয়টার দিকে বালুবাহী ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান জানিয়েছেন, এ ঘটনায় প্রশাসনের পক্ষ থকে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে। নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে। আহতদের চিকিৎসা খরচ দেওয়া হবে।

তিনি জানান, এ ঘটনায় জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) রুহুল আমিনের নেতৃত্বে তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত