কাজে ফিরতে পারবেন আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নারীকর্মীরা, এমন ঘোষণা দিয়েছে কাবুল নিয়ন্ত্রণে নেওয়া সশস্ত্র সংগঠন তালেবান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কিছু দিন আগে বলেছিলেন, সব সরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী নারীদের ঘরে থাকার কথা যতদিন না তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে। এরপর এখন এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
১৫ আগস্ট অনেকটা রক্তপাতহীন লড়াইয়ের মধ্য দিয়ে কাবুল দখলে নেয় তালেবান। এরপর থেকে চরম বিশৃঙ্খলা তৈরি হয় দেশটিতে। ভয় আর আতঙ্কে হাজার হাজার নারী শিশুসহ আফগান নাগরিক দেশ ছাড়তে ভিড় করেন বিমানবন্দরে। গত বৃহস্পতিবার পর্যন্ত সেখান থেকে লোকজন সরিয়ে নিয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ। তবে এখনো প্রত্যাহার কাজ চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সৈন্যরা।
এদিকে, বৃহস্পতিবার হামিদ কারজাই বিমানবন্দরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে। আহত দেড় শতাধিক এখনো হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে, দেশটির কঠিন পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার গঠন করার পরিকল্পনা করছে তালেবান।
