ফুলপুর উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা, একজন গ্রেপ্তার

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১১:২১ পিএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেলের ওপর হামলার ঘটনায় রামদাসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শনিবার ফুলপুর থানার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গোদারিয়া গ্রামের মাহবুব আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলা পরিষদে তার নিজ কার্যালয়ে এই ঘটনা ঘটে।

উপজেলা চেয়ারম্যান আতাউর করিম জানান, শুক্রবার রাতে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজকর্ম শেষে বাসার উদ্দেশ্যে বের হওয়ার সময় উপজেলা পরিষদ চত্বরে কয়েকজন রামদা নিয়ে তার ওপর হামলা চালায়। পরিষদের কর্মচারীরা হামলাকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় মো. ফারুক নামে এক কর্মচারী আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার রাতে কয়েকজন দুষ্কৃতকারী উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা করে। এ সময় মো. ফারুক নামে এক কর্মচারী আহত হন। স্থানীয়রা মাহবুব আলম নামে একজনকে রামদাসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত ফারুক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। হামলায় অন্যান্য জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত