নারায়ণগঞ্জের ফতুল্লায় খিচুড়ির সঙ্গে চেতনানাশক খাইয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেনকে (২৮) রোববার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার দেলোয়ার হোসেন রংপুর জেলার কাউনিয়া থানার বলব বিশু গ্রামের বাসিন্দা ও ফতুল্লা থানার হাজীগঞ্জে একটি বাসার ভাড়াটিয়া।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান মামলায় বরাত দিয়ে জানান, বাদী ও তার এক বান্ধবী একটি গার্মেন্টসে কর্মরত। গ্রেপ্তার দেলোয়ার হোসেন তার স্ত্রী ও সন্তান নিয়ে ফতুল্লার হাজীগঞ্জে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। সাবলেট হিসেবে বাদী ও তার বান্ধবী ওই পরিবারের সঙ্গে বসবাস করে আসছিল। সাত দিন আগে গ্রেপ্তার দেলোয়ার হোসেনের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। এতে করে দেলোয়ারের স্ত্রী রাগ করে বাসা থেকে চলে যায়। ঘটনার দিন বাসায় সে একা ছিল। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে বাদী এবং তার বান্ধবী কাজ শেষ করে বাসায় ফিরে আসে। ঘরে থাকা রান্না করা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। বাসায় একা থাকার সুযোগে তাদের রান্না করা খিচুড়িতে আগেই চেতনানাশক মিশিয়ে রাখে দেলোয়ার। খিচুড়ি খাওয়ার সঙ্গে সঙ্গেই তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এ সুযোগে লম্পট দেলোয়ার তাদের দুই বান্ধবীকে ধর্ষণ করে।
এ ঘটনায় ফতুল্লা থানায় ধর্ষণের মামলা দায়েরের পর রোববার (২৯ আগস্ট) দুপুরে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তরুণীদের পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
