পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। গত শনিবার রাত ১১টার দিকে নদীর তীব্র স্রোতে হাতিঘাটা গ্রামে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রটির ৭০ ভাগের বেশি অংশ ভেঙে নদীতে চলে যায়। সকালের দিকে বাকি অংশটুকুও নদীতে বিলীন হয়ে গেছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, ‘চরাঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষের জন্য মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০১২-১৩ অর্থবছরে কেন্দ্রটি নির্মাণ করা হয়। গত বছর এটি নদী থেকে দেড়শ গজ দূরে থাকা অবস্থায় লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন বলেন, ‘নদীতে প্রচ- স্রোত থাকায় ভাঙনরোধে কিছুই করা সম্ভব নয়। বিগত সময়ে কিছু কিছু এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা সফল হইনি।’
