খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকার রেল যোগাযোগ ১১ ঘণ্টা বন্ধ খাকার পর আবার চালু হয়েছে। চুয়াডাঙ্গায় লাইনচ্যুত হওয়া ট্রেনটি লাইনে তোলার পর সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটে রেল চলাচল স্বাভাবিক হয়।
রেলের পাকশি বিভাগের পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, রবিবার রাত ১টার দিকে চুয়াডাঙ্গার উথলীতে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকে।
চুয়াডাঙ্গা রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মিজানুর রহমান জানিয়েছেন, রাত একটার দিকে ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি জানান, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে নাটোর যাচ্ছিল। খুলনা-ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন সুন্দরবন এক্সপ্রেস যাওয়ার সুবিধার জন্য তেলবাহী ট্রেনটি পাশের লাইনে রাখা হয়েছিল। সুন্দরবন এক্সপ্রেস চলে যাওয়ার পর তেলবাহী ট্রেনটি মূল লাইনে আনতে গেলে এর চারটি বগি লাইন থেকে পড়ে যায়।
