আদালতে এক আসামির নাম ডাকতেই হাত তোলেন এই ৫ জন, অতঃপর…

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৭ পিএম

পলাতক মূল আসামিদের বদলে হাজিরা দিতে গিয়ে পাঁচ ব্যক্তি এখন নিজেরাই আসামি।

বুধবার বিকেলে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটে এমন ঘটনা।

আদালতে একজনের নাম ডাকলে সবাই হাত তোলার ঘটনায় প্রথমে সন্দেহ হয়। তাদের জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো পরিচয়পত্র দেখাতে আদেশ দেওয়া হলে তাতেও ব্যর্থ হন তারা। পরে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।

আটকরা হলেন- ময়মনসিংহের নান্দাইলের ওয়ালিউল্লাহ (২৬), রফিকুল ইসলাম (৩৫), সাইফুল ইসলাম (৩০) ও নুরুল্লাহ (২৮) ও কিশোরগঞ্জের তাড়াইলের সোহেল মিয়া (৩০)।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বুধবার নান্দাইলের একটি মামলার পলাতক পাঁচ আসামির জামিন শুনানির বিচার কার্যক্রম পরিচালনা করছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

তিনি বলেন, শুনানির সময় আসামির নাম ডাকা হলে একসঙ্গে একাধিক ব্যক্তি হাত তোলেন। পরে আসামিদের নাম-ঠিকানা জিজ্ঞেস করলে তারা উল্টাপাল্টা উত্তর দিতে থাকেন ও পরিচয়পত্র দেখা বললে সেটিও দেখাতে তারা ব্যর্থ হন।

ওসি বলেন, এতে বিচারকের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়। নিজ নিজ পরিচয় গোপন করে পাঁচ আসামির নাম ধারণ করে জামিনের চেষ্টা করায় আদালতে তাদের গ্রেপ্তার করার নির্দেশ দেয়।

পরে রাতে আদালতের জিআরও এএসআই আবুল হাসানাত বাদী হয়ে এই পাঁচজনের নামে কেতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটকৃতরা আদলতে প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং তাদের আসল পরিচয় দেন। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত