বহু জলপনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫৯ সদস্যের কমিটিতে রয়েছে একজন আহ্বায়ক এবং তিন যুগ্ম আহ্বায়ক।
বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মির্জা আজমের স্বাক্ষরিত চিঠিতে কমিটি ঘোষণা করা হয়।
চিঠিটি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।
এর আগে ফরিদপুর শহর আওয়ামী লীগের কমিটি ২০১৬ সম্মেলনের মাধ্যমে অনুমোদিত হয়। পরে ২০২০ সালে জুনে ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত গ্রেপ্তার হলে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।
এই আহ্বায়ক কমিটিতে মনিরুল হাসান মিঠুকে আহ্বায়ক, সাইদ উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান ও অ্যাড. বদিউজ্জামান বাবুলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
নবগঠিত পৌর কমিটি প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, কমিটি গঠনের আগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করলে আরও সুন্দর হতো।
তিনি বলেন, কমিটিতে ‘নারী কোটা’ পূরণ করা হয়নি। দলের সভানেত্রী ‘নারী কোটা’ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এটার দরকার ছিল।
