উন্নত চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লি নেওয়া হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে। এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লির উদ্দেশে যাত্রা করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
গতকাল শুক্রবার দুপুরে তোফায়েল আহমেদের মেয়ের স্বামী ডাক্তার তৌহিদুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তৌহিদুজ্জমান বলেন, ‘হঠাৎ করে অসুস্থ হওয়ার পর তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখন অবস্থা ভালো। তবে বাম হাতে একটু কম শক্তি পাচ্ছেন। উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তিনি দিল্লি গেছেন। তোফায়েল আহমেদকে দিল্লির মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে ভর্তি করা হবে বলেও জানান তিনি।
ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ’৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য। তিনি ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন। ৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।
