চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর এলাকা থেকে ১১টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এগুলো জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সোয়া ৭টার দিকে বিজিবির একটি টহল দল দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর সীমান্তের ৮৯ মেইন পিলার হতে বাংলাদেশের প্রায় ২ কিলোমিটার ভেতরে ঠাকুরপুর আমবাগানের কাছে ওতপেতে থাকে।
এ সময় সাইকেল চালিয়ে এক ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়ার সময় বিজিবি ধাওয়া দিলে সে তার বাইসাইকেল ও কোমরে বাঁধা কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি খুলে ৩ কেজি ৭৪০ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার ও সাইকেলটি জব্দ করে। জব্দ করা স্বর্ণের আনুমানিক দাম ২ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫৮৯ টাকা।
ভারপ্রাপ্ত অধিনায়ক আরও জানান, জব্দ করা স্বর্ণ দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম আজাদ এ ঘটনায় বাদী হয়ে দর্শনা থানার ঠাকুরপুর গ্রামের মোস্তাফিজুর রহমান ফিজুকে আসামি করে মামলা করেন। ফিজু ঘটনার পর থেকে পলাতক।
