মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লাচর এলাকার নিজ বাড়িতে দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক রজত রেখা পত্রিকার প্রধান প্রতিবেদক নাদিম হোসাইনের ওপর হামলা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ হামলা করা হয়। এ সময় তাকে চাকু দিয়ে ও এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। পুলিশ গিয়াসউদ্দিন দেওয়ান (৫৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে। আহত নাদিম হোসাইনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পারিবারিক কলহের জের ধরে নাদিম হোসাইনের ওপর তার চাচা গিয়াসউদ্দিন ও চাচাতো ভাই দিদার হোসেন অতর্কিতে হামলা চালায়। এ সময় তার পিঠে ধারালো চাকু দিয়ে পোঁচানো এবং লোহার শেকল দিয়ে পেটানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল মোল্লারচর এলাকায় অভিযান চালিয়ে গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করে।
