ময়মনসিংহে ‘জঙ্গিদের’ সঙ্গে র‍্যাবের গোলাগুলি, গ্রেপ্তার ৪

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৫ এএম

ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়েছে। এ সময় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে।

ভোর রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।

কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলবার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক চারজনের পরিচয় জানায়নি র‍্যাব।

তবে পরে এই বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত