নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসায় কয়েকটি পদে গোপনে নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়দের এই প্রতিবাদ মিছিলটি রোয়াইলবাড়ি বাজারের মাছ মহাল থেকে শুরু করে বিভিন্ন গলিপথ প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীরা জানান, মাদ্রাসাটির নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম এবং মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল হকের বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ প্রতিবাদ।
জানা যায়, সম্প্রতি গোপনে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নবসৃষ্ট পদে একজন করে অফিস সহকারী কাম হিসাব সহকারী, নিরাপত্তা প্রহরী ও আয়া এবং শূন্যপদে একজন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের প্রক্রিয়া (ইন্টারভিউ) সম্পন্ন করা হয়। বিষয়টি জানতে পেরে মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আবুল হাশেম গোপন নিয়োগের প্রতিবাদ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরে গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রোয়াইলবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।
মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আবুল হাশেম জানান, কমিটির সভাপতির পদ নিয়ে আদালতে মামলা চলার পর গত দুই মাস আগে আদালত কমিটিকে ১১ মাসের জন্য বৈধতা দেয়। এরপর সভাপতি নুরল আলম সদস্যদের নিয়ে মিটিং করেন। মিটিংয়ে বলেন দ্রুত সময়ে মাদ্রাসার পদগুলোতে নিয়োগ সম্পন্ন করতে হবে। এ জন্য অন্তত তিনটি মিটিং দেখিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে পদগুলোর অনুমোদন আনতে হবে।
তিনি আরও বলেন, আমরা জানি না কোন পত্রিকায় কখন সার্কুলার দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারি মিটিংয়ের জন্য দেওয়া স্বাক্ষর দেখিয়ে নিয়োগ চূড়ান্ত করে ফেলেছে সভাপতি। এলাকার কেউ নিয়োগ লাভের জন্য গরু বিক্রি করে টাকা সংগ্রহ করছে। শুনতে পাচ্ছি, কারও কাছে পাঁচ লাখ আবার কাছে কোন পদের জন্য ১০ লাখ টাকা দরদাম হচ্ছে। তাই বিষয়টিকে নিয়ে আমরা এলাকাবাসী প্রতিবাদ করেছি।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম বলেন, নিয়োগে কোন রকম গোপনীয়তা বজায় রাখা হয়নি। নিয়োগ প্রক্রিয়াটি বর্তমানে স্থগিত রয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী উসমানের মোবাইলে একাধিকবার ডায়াল করা হলেও তিনি রিসিভ করেননি।
নেত্রকোনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুর জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এ ব্যাপারে একজন ফোনে জানিয়েছেন।
