প্রধানমন্ত্রীকে মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে জমিসহ পাকা ঘর পেয়েছেন মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামের কলেজছাত্র বাবু মিয়া (২২)। গতকাল শনিবার দুপুরে মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বাবু মিয়াকে বাড়ি ও জমির দলিল বুঝিয়ে দেন।
মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়ন পরিষদের সামনে দুই শতক সরকারি খাসজমিতে আধা পাকা দুই কক্ষের এ ঘরটি নির্মিত হয়েছে। বাবু মিয়া মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে।
বাবু মিয়া বলেন, ‘ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে নানাবাড়িতে থেকেছি। আমাদের কোনো জায়গা জমি ছিল না। মাকে নিয়ে কোথায় যাব, কোথায় থাকব? এই চিন্তা থেকেই প্রধানমন্ত্রীর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে গত এপ্রিলে আমার দুরবস্থা জানিয়ে একটি ঘর চেয়ে এসএসএস পাঠাই।’ জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, ‘এসএমএসটি পড়ে মাননীয় প্রধানমন্ত্রী আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা অনুযায়ী আমরা বাবু মিয়ার খোঁজখবর নিয়ে পাকা ঘর নির্মাণ করে দিই।’
