বরগুনার আমতলীতে পাওনা টাকা চাওয়ায় সাথী আক্তার (৩৭) নামে এক নারীকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন তারই চাচা। গতকাল শনিবার সকালে উপজেলার হরিমৃত্যুঞ্জয় গ্রামে এ ঘটনা ঘটে। সাথীকে তার স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিমৃত্যুঞ্জয় গ্রামের সাথী আক্তারকে সৌদি আরব পাঠানোর কথা বলে তার কাছ থেকে চাচা জাকির হোসেন হাওলাদার এক বছর আগে ৬০ হাজার টাকা নেন। এরপর তাকে সৌদি আরব না পাঠিয়ে টালবাহানা করতে থাকেন।
গতকাল সকালে জাকিরের কাছে ওই টাকা চাইতে যান সাথী। এতে ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন জাকির। এতে সাথীর বাম হাত ভেঙে যায়।
আহত সাথী আক্তার বলেন, ‘সৌদি আরব পাঠানোর কথা বলে চাচা জাকির হোসেন হাওলাদার আমার কাছ থেকে ৬০ হাজার টাকা নেয়। আমাকে বিদেশ না পাঠিয়ে চাচা ওই টাকা হজম করে ফেলেছে। আমি এ টাকা চাইতে গেলে আমাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’
জাকির হোসেন হাওলাদার বিদেশ পাঠানোর প্রতিশ্রুতির কথা স্বীকার করে বলেন, আমাকে সাথী ১৫ হাজার টাকা দিয়েছিল। ওই টাকা পাসপোর্ট বাবদ খরচ করেছি। এছাড়া ও আমাকে কোনো টাকা-পয়সা দেয়নি। ওর কাছ থেকে টাকা নিয়েছি পারলে সে প্রমাণ করুক। মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো মারধর করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোর্শেদ আলম বলেন, আহত সাথী আক্তারের বাম হাত ভেঙে গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
