ময়মনসিংহের গৌরীপুরে স্বামীর পরকীয়ার জেরে মুর্শিদা বেগম (৩২) নামে দুই সন্তানের এক মা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রামে এ ঘটনা ঘটে।
পরে রাত ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই স্বামী মাসুদ মিয়া ও শাশুড়ি পলাতক রয়েছে।
নিহত মুর্শিদা বেগম ডৌহাখলা ইউনিয়নের নন্দী গ্রামের মাদুস মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর ওই গৃহবধূ নিজ বসতঘরের বারান্দার পরিত্যক্ত রুমে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। নিহতের দুই সন্তান কান্নাকাটি শুরু করলে শ্বশুর আব্দুল বারেক মাস্টার তাকে ঘরে না পেয়ে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করেও মুর্শিদাকে পায়নি।
পরে পরিত্যক্ত ঘরের বারান্দার রুমে ধাক্কা দিলে দরজা ভেতর থেকে বন্ধ পায়। জানালা ভেঙে মুর্শিদাকে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানায়, প্রায় ১৩ বছর আগে পারিবারিকভাবে মাসুদ মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মুর্শিদার। কিন্তু, দুই থেকে আড়াই বছর ধরে মাসুদ অন্য নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান। এই নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকত। এ জন্য প্রায়ই স্বামী মাসুদ মুর্শিদাকে হাত-পা বেঁধে মারধর করতেন।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।
