নরসিংদীর শিবপুরে ডোবা থেকে হাসিবুল আলম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কারারচর এলাকার ঢাকা সিলেট মহাসড়কের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মরদেহের সঙ্গে থাকা ব্যাগ এবং কাগজপত্র দেখে ধারণা করা হচ্ছে হাসিবুল আলম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ডুমুরিয়া গ্রামের মৃত সোহরাব হোসেন মালীর ছেলে। তবে এটিই তার আসল পরিচয় কি না এ বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাবিব প্লাস্টিক মিলস এর পাশের একটি ডোবায় রক্তের দাগ দেখতে পায় এলাকাবাসী।
রক্তের দাগ রাস্তার ওপর থেকে ডোবার পানি পর্যন্ত এগিয়ে গেছে এবং একটি ব্যাগও দেখে এলাকাবাসী। পরে সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পুলিশ এসে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে।
এ সময় লাশের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগের ভেতর থেকে একটি ল্যাপটপসহ কাগজপত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি, পিবিআই, ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ বলেন, আমরা ইতিমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করতে আমরা কাজ করছি। সেই সঙ্গে মরদেহের নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
