পিরোজপুর পৌরসভার মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের করা দুটি মামলায় জামিন দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
গতকাল সোমবার জেলা দায়রা জজ মো. মুহিদুজ্জামানের আদালত আগামী ২০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে এ জামিন আদেশ দেয়। গত ২৮ মার্চ দুই মামলায় এ দম্পতি উচ্চ আদালত থেকে জামিন নেন।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে গত ১৮ মার্চ পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি মামলায় মেয়র ও তার স্ত্রী এবং অন্যটিতে মেয়রসহ পৌরসভার ২৭ কর্মকর্তা-কর্মচারীকে অভিযুক্ত করা হয়। দুদকের সমন্বিত কার্যালয় বরিশালে এ মামলা হয়।
