ভুয়া ডিআইজি আটক

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৪০ এএম

ডিআইজি সেজে পুলিশের চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উজ্জ্বল নামে এক ব্যক্তিকে তার এক সহযোগীসহ আটক করেছে আলমডাঙ্গা থানার পুলিশ। গত সোমবার রাতে তাদের আটক করা হয়। আটক উজ্জ্বল (৩০) উপজেলার ওসমানপুর গ্রামের হঠাৎপাড়ার বাসিন্দা। আটক অন্যজনের নাম আবদুল লতিফ (৩৫)। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামে।

উজ্জ্বল নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মহিদুলকে ফোন করে তার ভাতিজা নাফিজকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। চাকরি দিতে সে ৮ লাখ টাকা দাবি করে। এরপর মহিদুল বিকাশের মাধ্যমে উজ্জ্বলকে ৩৯ হাজার ৫০০ টাকা পাঠান।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মহিদুল আলমডাঙ্গা থানায় হাজির হয়ে উজ্জ্বল, মামুন ও আবদুল লতিফসহ অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে কয়েক দিন আগে মামলা করেন। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, ভুয়া ডিআইজি ও তার সহযোগীদের ধরতে পুলিশ ওসমানপুর গ্রামের হঠাৎপাড়ায় অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করে। পরে কুমারখালীর দয়ারামপুর গ্রামে অভিযান চালিয়ে লতিফকে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত