চট্টগ্রামের সীতাকুন্ডে রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মো. মাহবুব আলম (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় সীতাকুন্ড রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনায় অপর এক ব্যক্তি আহত হন।
মাহবুব আলম মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার খাসকান্দি গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে ও খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেইল’ সীতাকুন্ড রেল স্টেশনে থামে। একই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুবর্ণা এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশন অতিক্রম করছিল।
ঢাকা মেইল থেকে নেমে মাহবুব আলম পশ্চিম পাশের রেল লাইন পার হয়ে স্টেশনে উঠছিলেন।
এ সময় অপরদিক থেকে আসা সুবর্ণা এক্সপ্রেসের সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে সাথে-সাথে মারা যান তিনি।
নিহতের সঙ্গে থাকা ই¯্রাফিল ও মো. সবুজ জানান, ১০ বন্ধু মিলে সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড় পরিদর্শনে আসেন তারা। সবাই খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র। ট্রেন থেকে নেমে খেয়াল না করে লাইন পার হতে গেলে অপর দিক থেকে আসা ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মারা যান মাহবুব। তার পরিবারে খবর দেওয়া হয়েছে, তারা ঢাকা থেকে রওনা দিয়েছেন।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তোফাজ্জল হোসেন জানান, ট্রেন দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
