বিএনপির মধ্যে তালেবানি জোশ দেখা দিয়েছে: ইনু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫২ পিএম

জাসদ সভাপতি ও কুষ্টিয়া- ২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, ‘আফগানিস্তানে জঙ্গিবাদের উত্থানে বিএনপির মধ্যে তালেবানি জোশ দেখা দিয়েছে। বিএনপি এই কারণে সরকার উৎখাতের ঘোষণা দিচ্ছে। একই সঙ্গে তারা দলের নেত্রীর মুক্তির জন্য আবার প্রধানমন্ত্রীর কাছে করুণা ভিক্ষা করছে। এই দ্বিমুখী নীতি গ্রহণ করে আসলে বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে।

তিনি বলেন, ‘বিএনপির এই সরকারের উৎখাত আসলে গণতন্ত্রের জন্য নয়। তাদের দলের কিছু অপরাধীদের রক্ষা ও কিছু বিচার বন্ধের জন্য তারা হুমকি-ধমকি দিচ্ছে।’

বৃহস্পতিবার বেলা ১১টায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু তার নির্বাচনী এলাকায় ৩ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট নব নির্মিত ভবনের ফলক উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

১৪ দলীয় জোট এখনো সক্রিয় রয়েছে উল্লেখ করে ইনু বলেন, জঙ্গিবাদের অপতৎপরতা বন্ধ করতে ১৪ দলীয় জোট গঠন করা হয়েছিল। আজও দেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই এদের রুখতে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট অব্যাহত থাকবে।

এ সময় সেখানে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জাসদ দলীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত