বেহাল সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৪ পিএম

মাত্র এক কিলোমিটার রাস্তা দীর্ঘকাল ধরেও ইটের সলিং বা পাকা করতে করতে পারেনি এলাকাবাসী। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে বারবার গিয়েও কোনো কাজ হয়নি।

নিরুপায় হয়ে রাস্তায় ধানের চারা রোপণ করে ও মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

নড়াইল শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে আউড়িয়া ইউনিয়নের নাকসী গ্রামের এই সড়কটি বেশ গুরুত্বপূর্ণ।

এই সড়ক দিয়ে স্থানীয় শতাধিক পরিবারের সদস্য ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করেন। এ ছাড়া মাঠ থেকে ধান, পাটসহ ফসলাদি বাড়িতে আনেন। কিন্তু বর্ষকালে হাঁটু সমান কাদা হওয়ায় যাতায়াত ও ফসল আনতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

সড়ক পাকাকরণের দাবিতে শনিবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নারী-পুরুষ, শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় প্রতিবাদ স্বরূপ সড়কটিতে ধানের চারা রোপণ করে দেন এলাকাবাসী।

ভুক্তভোগী নাকসী গ্রামের রবিউল ইসলাম, চুন্নু মৃধা, আলামিন মৃধা বলেন, ‘এই এলাকার আশপাশের রাস্তাগুলো পাকা হলেও মাত্র এক কিলোমিটার রাস্তা কাঁচা থাকায় গ্রামবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শতাধিক পরিবারের কৃষিপণ্য আনা-নেয়াসহ শিক্ষক-শিক্ষার্থী, অসুস্থ রোগীদের হাসপাতালে যাতায়াত ছাড়াও নিত্যদিনের চলাফেরায় চরম কষ্ট হচ্ছে। বর্ষাকাল ছাড়াও অন্য সময়ে একটু বৃষ্টি হলেই এই রাস্তায় পায়ে হেঁটেও যাতায়াত করা যায় না। গরু বা ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন এই কাঁদা রাস্তায় চলাচল করতে পারে না।’

নাদিরা বেগম, হুরি বেগমসহ ভুক্তভোগীরা জানান, দীর্ঘ ৪০ বছর ধরে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে অনেক চেষ্টা করেও নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের নাকসী গ্রামের মাত্র এক কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি পূরণ হয়নি।

তাই কাদা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী গ্রামবাসী রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত