চট্টগ্রামের ১৪ উপজেলার ১০টিতে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এ সময় জেলায় ভাইরাসের সংক্রমণ হার আরও কমে ৬ শতাংশের নিচে নেমেছে।
নগরী ও চার উপজেলায় ৮২ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। সংক্রমণ হার ৫ দশমিক ৫৩ শতাংশ। শহরের এক রোগীর মৃত্যু হয়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়।
রিপোর্টে বলা হয়, শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ৮২ জনের মধ্যে শহরের ৪৩ ও ৪ উপজেলার ৩৯ জন। জেলায় মোট রোগী শনাক্ত সংখ্যা এখন ১ লাখ ৭৪৮ জন। এর মধ্যে শহরের ৭৩ হাজার ৫৫ ও গ্রামের ২৭ হাজার ৬৯৩ জন।
গতকাল করোনায় শহরের একজন মারা যান। মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৬৫ জন হয়েছে। এতে শহরের ৭০২ ও গ্রামের ৫৬৩ জন।
গত একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৯ জন। মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৭৯ হাজার ৬৩৫ জনে উন্নীত হয়েছে।
চট্টগ্রামের ১৪ উপজেলার মধ্যে মাত্র ৪টিতে গতকাল রোগী শনাক্ত হয়। বাকি দশটিতে একজনেরও করোনা শনাক্ত হয়নি। করোনার প্রথম ঢেউ থেকে পূর্ণমাত্রায় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হওয়ার পর একদিনে একসাথে দশ উপজেলায় রোগী না থাকার নজির এটাই প্রথম।
