রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক ও শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় রিফাত হোসেন ওরফে আলিফ (২২) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই যুবকের কাছ থেকে ছিনতাইকৃত দুটি মোবাইল ফোন ও টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-কমিশনার (অপরাধ) মো. আবু মারুফ হোসেন।
তিনি জানান, ছিনতাইকারী চক্রের সদস্যদের হাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থী ছুরিকাঘাতের শিকার হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম তাজহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
ওই মামলায় শুক্রবার সন্ধ্যায় ছিনতাইকারী চক্রের মূল হোতা রিফাত হোসেন ওরফে আলিফকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন আলিফ।
মারুফ হোসেন বলেন, পরে তার দেওয়া তথ্যে বাড়ি থেকে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহার করা একটি চাপাতি জব্দ করা হয়। একই সঙ্গে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে।
