দিনাজপুরের কাহারোল উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টায় কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বকশীডাঙ্গার পাশ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীতে এই ঘটনা ঘটে।
নিহতরা হল- বকশীডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে মারুফা বেগম (১১) ও জেলার বিরল উপজেলার গোবিন্দপুর গ্রামের শরিফ উদ্দীনের ছেলে শামীম হোসেন (৮)। তারা সম্পর্কে খালা ও ভাগনি।
স্থানীয়দের বরাত দিয়ে কাহারোল থানার ওসি রইস উদ্দীন জানান, কয়েক দিন আগে শামীম হোসেন বকশীডাঙ্গায় নানার বাড়িতে বেড়াতে আসেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খালা মারুফা ও ভাগ্নি শামীম একসঙ্গে বাড়ির অদূরে পুনর্ভবা নদীতে গোসল করতে যায়।
গোসল করার একপর্যায়ে তারা ২ জনে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে মাছ ধরার জাল পানিতে ফেলা হলে জালে ২ শিশু আটকে যায়।
পরে তাদের উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে কাহারোল থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
