রাষ্ট্রায়ত্ত সরকারি সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে ১৩ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করেছে। আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ বকেয়া আদায়ের অংশ হিসেবে এ অর্থ পরিশোধ করেছে বিটিসিএল। গতকাল বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের অফিস কক্ষে উপস্থিতিতে এ সংক্রান্ত চেক হস্তান্তর করেন বিটিসিএলের কর্মকর্তারা।
বিটিআরসির ২০১৬-১৭ থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত সময়ের রাজস্ব আদায়ের ইস্যু ভিত্তিক নিরীক্ষার সুপারিশ মোতাবেক বিটিসিএলের কাছে ২০২০ সালের জুন পর্যন্ত সময়ে আইজিডব্লিউ অপারেটর হিসেবে রেভিনিউ শেয়ারিং বাবদ ৫২৯ কোটি ৪০ লাখ টাকা বকেয়া রয়েছে মর্মে সরকারের অডিট অধিদপ্তর কর্তৃক আপত্তি জানানো হয়। বর্ণিত আপত্তির পরিপ্রেক্ষিতে আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ বকেয়া আদায়ের অংশ হিসেবে এ অর্থ পরিশোধ করা হয়েছে। এছাড়া বিটিসিএলের আবেদনের পরিপ্রেক্ষিতে বিটিআরসি ও বিটিসিএলের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অডিট আপত্তির দাবিনামার চূড়ান্ত বকেয়া নির্ধারণের সিদ্ধান্ত নেন।
