আফগানদের জন্য ১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০২:৩২ এএম

তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে আফগানিস্তানে বৈদেশিক সাহায্য প্রায় বন্ধ। দেশটিতে দারিদ্র্য ও ক্ষুধা বৃদ্ধি পেয়ে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘের অনুরোধে আফগানিস্তানকে ১০০ কোটি ডলারের (১ বিলিয়ন) বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দাতারা। গত সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের উদ্যোগে এক সম্মেলনে এ প্রতিশ্রুতি দেওয়া হয় বলে খবর দিয়েছে আলজাজিরা।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘আফগানিস্তানের প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য জাতিসংঘ ৬০ কোটি ডলার জরুরি সহায়তার জবাবে কী পরিমাণ অর্থের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বলা অসম্ভব।’

তিনি বলেন, ‘প্রায় চার দশকের যুদ্ধ, ভোগান্তি ও নিরাপত্তাহীনতার পর আফগানরা সম্ভবত তাদের সবচেয়ে বিপজ্জনক সময়ের মুখোমুখি হচ্ছে। দেশটির জনগণের একটি জীবনরেখা প্রয়োজন।’

এ সময় গুতেরেস বলেন, ‘বর্তমানে আফগানিস্তানের আর্থিক ব্যবস্থা খুবই সীমিত। ফলে অর্থনীতির বেশ কিছু মৌলিক বিষয় নিয়ে সেখানে কাজ করা যাবে না।’

সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র ৬ কোটি ৪০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয়। আর আহ্বানে সাড়া দিয়ে ১১ কোটি ৮০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স।

জেনেভা থেকে আলজাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেইস জানান, জাতিসংঘ মহাসচিবকে আফগানিস্তান বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া দেখে ‘অত্যন্ত সন্তুষ্ট’ মনে হয়েছে।

পশ্চিমা সমর্থিত আফগান সরকারের পতনের আগে দেশটি কয়েকশ’ কোটি ডলার বিদেশি সহায়তা পেয়ে আসছিল। তবে গত ১৫ আগস্ট তালেবানের ক্ষমতা দখলের পর এ সহায়তা হঠাৎ বন্ধ হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত