নারায়ণগঞ্জের রূপগঞ্জে চৌধুরীপাড়া বায়তুল আলা কবরস্থান জামে মসজিদ নামে একটি মসজিদের বারান্দায় শরীফ (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া এলাকার বায়তুল আলা কবরস্থান জামে মসজিদের বারান্দা থেকে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শরিফ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।
ভোলাব ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকালে চৌধুরীপাড়া বায়তুল আলা জামে মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লিরা এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের কাছ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ছুরি দিয়ে শরীফকে মাথায় আঘাত করে। এতে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর পুরো ঘটনা জানা যাবে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে।
