সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৫২ পিএম

অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক চলাচলের কারণে আবার বেইলি সেতুর পাটাতন ভেঙে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার সকালে নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরীপাড়া এলাকায় ওই সেতুর পাটাতন ভেঙে গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক আটকে যায়। এরপর থেকে এ সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাদ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান।

ইউপি চেয়ারম্যান জানান, নাগরপুর থেকে গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে টেংরীপাড়া বেইলি সেতু পার হওয়ার সময় সেতুর পাটাতন ভেঙে ট্রাকটি আটকে যায়। এরপর থেকেই এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুটির ধারণক্ষমতা ৮ টন হলেও প্রতিনিয়ত এর ওপর দিয়ে ১৫ থেকে ২০ টন ওজনের যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ১৫ দিন আগেও এই সেতুর পাটাতন ভেঙে প্রায় এক সপ্তাহ যানবাহন চলাচল বন্ধ ছিল। এ বিষয়ে গতকাল দুপুর দেড়টার দিকে টাঙ্গাইল সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী এস এম আলামিন বলেন, দ্রুত ট্রাকটি সরানোসহ সেতুর পাটাতন সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত