একাধিক খুন ও অস্ত্র মামলার চিহ্নিত সন্ত্রাসী আতিকুর রহমান রনি ওরফে কোয়ার্টার রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানাসহ বিভিন্ন থানায় খুন, অস্ত্র ও ছিনতাইসহ ৯টি মামলা রয়েছে। রনি টাঙ্গাইল শহরের দেওলা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
গত শনিবার টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেনের নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
পুলিশ সুপার সঞ্জিত রায় বলেন, কোয়ার্টার রনির বিরুদ্ধে খুন ও অস্ত্রসহ নয়টি মামলা আদালতে বিচারাধীন। তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে।
