সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন ৩ অক্টোবর

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৮ পিএম

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামী ৩ অক্টোবর থেকে আবেদন শুরু হবে। আবেদন চলবে ৮ অক্টোবর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। 

গত ১১ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিওর অনুমোদন দেওয়া হয়। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ১০ টাকা অভিহিত মূল্যে পুঁজিবাজারে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস ক্রয়, তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৯ পয়সা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিওতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত