এসডিজিতে অগ্রগতির পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৩ এএম

জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করেছে।

স্থানীয় সময় গত সোমবার নিউ ইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী এ পুরস্কার গ্রহণ করে বলেন, তিনি বাংলাদেশের জনগণকে এটি উৎসর্গ করেছেন।’

মোমেন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের পর টেকসই উন্নয়নের লক্ষ্যে (এসডিজি) দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে এ পুরস্কার পাওয়াকে দেশের সফলতার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে অভিহিত করেন।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও উন্নয়ন কৌশলবিদ অধ্যাপক জেফ্রি ডি. সচ’র নেতৃত্বে জাতিসংঘ মহাসচিবের পৃষ্ঠপোষকতায় ২০১২ সালে এসডিএসএন প্রতিষ্ঠা করা হয়। টেকসই উন্নয়নের জন্য বাস্তবভিত্তিক সমাধান জোরদারে বিশ্বের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের কাজে লাগানোই এ প্ল্যাটফর্মের লক্ষ্য।

অনুষ্ঠানের সঞ্চালক শেখ হাসিনাকে ‘জুয়েল ইন দি ক্রাউন অব দি ডে’ হিসেবে তুলে ধরেন এবং সচ বিশ^ব্যাপী মহামারী করোনাভাইরাস চলাকালেও এসডিজি প্রচারণা কার্যক্রম চালাতে তার নেতৃত্বের প্রশংসা করেন। এ অনুষ্ঠানে তিনি বলেন, ‘এ পুরস্কার হচ্ছে এসডিজির লক্ষ্য অর্জনের ক্ষেত্রে জোরালো দায়িত্ব পালনের একটি প্রমাণপত্র।’ প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে আরও কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি যুক্তরাজ্যের

প্রধানমন্ত্রী বরিস জনসন ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে যৌথভাবে আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারপ্রধানদের গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন।

জাতিসংঘের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রীর যোগদান : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার সকালে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) প্রথম দিনে উচ্চপর্যায়ের আলোচনায় যোগ দেন। সাধারণ পরিষদের অধিবেশন ২১-২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং তার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন।

ইউএনজিএর ৭৬তম অধিবেশন ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। সেদিন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহীদ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং অধিবেশন উদ্বোধন করেন।

বিশ^ব্যাপী মহামারীর কারণে সাধারণ পরিষদ অধিবেশন হলে অনুমোদিত প্রতিনিধিদলের আকার সীমিত হবে এবং জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোকে সদর দপ্তরে ভ্রমণের পরিবর্তে আগে ধারণকৃত বিবৃতি প্রদানে উৎসাহিত করা হয়েছিল।

১০০টিরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান নীতিনির্ধারণী কাঠামো।

বার্বাডোজের প্রধানমন্ত্রী মোটলির শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ : বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিউ ইয়র্কে তার অবস্থানস্থল লোটে নিউ ইয়র্ক প্যালেসে গত সোমবার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে তারা অ্যান্টি মাইক্রোবায়াল রেজিসটেন্সসহ (এএমআর) নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান। ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এএমআর বিষয়ে ৬ বছর যাবৎ সরব। আর দুই প্রধানমন্ত্রীই ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের সহসভাপতি হিসেবে নিযুক্ত রয়েছেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী সাক্ষাৎ পর্ব শেষে বঙ্গবন্ধুর আত্মকথা ‘অসমাপ্ত আত্মজীবনী’র কপি বার্বাডোজের প্রধানমন্ত্রীকে উপহার দেন।

লিঙ্গ সমতার জন্য নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেতাদের একটি নেটওয়ার্ক গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেছেন, এটি লিঙ্গ সমতা নিশ্চিত করতে চালিকা শক্তি হিসেবে কাজ করবে।

তিনি বলেন, ‘এটি নারীর ক্ষমতায়নে ব্যাপক ভূমিকা রাখবে। আমি দৃঢ়ভাবে অনুভব করি, আমরা নারী নেতাদের একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে পারি, যা আমাদের শুধু একক বৈঠকের জন্য একত্রিত করবে না; বরং লিঙ্গ সমতা অর্জনে বাস্তব পদক্ষেপ নিশ্চিত করতে একটি শক্তি হিসেবে কাজ করবে।’

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন। বৈঠকে তিনি বিশ^নেতাদের সামনে তিনটি প্রস্তাবও রাখেন, লিঙ্গ সমতা নিশ্চিত করতে যেগুলো সঠিকভাবে সমাধান করা প্রয়োজন। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত