পার্বতীপুর

শ্রেণিকক্ষ দখল করে ওএমএসের চাল বিক্রি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০১ এএম

দিনাজপুরের পার্বতীপুরে হলদীবাড়ী রেল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে ওএমএসের চাল-আটা বিক্রির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের মাঠে স্থাপন করা হয়েছে ক্রেতাদের লাইনে দাঁড়ানোর জন্য বাঁশের সারি। গত দুই মাস ধরে ডিলার ‘মেসার্স রতন সরকার’ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল ও স্কুলের শ্রেণিকক্ষের সামনে বাঁশের সারি স্থাপন করলেও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলাউল হাদি দাবি করেন, বিষয়টি তার জানা নেই। তবে স্থানীয়দের অভিযোগ, উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করেই ডিলার সেখানে চাল ও আটা বিক্রি করছেন।

গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের দ্বিতল ভবনের নিচতলার ৫ম শ্রেণির পাঠদানের একটি কক্ষ দখল করে চাল-আটার গোডাউন হিসেবে ব্যবহার করেছেন ডিলার।

প্রধান শিক্ষক মেরিনা বানু জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার মৌখিক নির্দেশে শ্রেণিকক্ষটি ডিলার ব্যবহার করছে। স্কুলে ওএমএসের চাল ও আটা বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন সরকার।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলাউল হাদী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত