আয়কর-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের ঘটনায় ভাতিজি ম্যারি ট্রাম্প ও নিউ ইয়র্ক টাইমস পত্রিকার বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার নিউ ইয়র্কের একটি আদালতে ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে এ মামলা করেন তিনি। খবর আলজাজিরা।
মামলায় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক সুসান ক্রেইগ, ডেভিড ব্রাটসো ও রাসেল বাটনারকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ম্যারি ট্রাম্পের সঙ্গে কাজ করে বেআইনিভাবে নথি প্রকাশের অভিযোগ আনা হয়েছে।
তবে সুসান ক্রেইগ এক টুইটে বলেছেন, ‘আমি ম্যারি ট্রাম্পের দরজায় কড়া নেড়েছি, তিনি সাড়া দিয়েছেন। আমার মনে হয়, এটিই সাংবাদিকতা।’
মামলায় অভিযোগ করা হয়েছে, ৫৬ বছর বয়সী ম্যারি ট্রাম্প নথি গোপন রাখার চুক্তি ভঙ্গ করেছেন। গত বছর এক স্মৃতিকথায় ম্যারিও নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের সূত্র তিনি ছিলেন বলে স্বীকার করেন। তবে ভাতিজির বইয়ে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ট্রাম্প। ম্যারি ট্রাম্পের দাবি, তার বইয়ের প্রকাশ ঠেকানোর ব্যর্থ চেষ্টা করেছিলেন ট্রাম্প।
