বিলাল সায়েদির সেঞ্চুরিতে আফগান যুবাদের লিড

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৩ পিএম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র যুব টেস্টের দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বিলাল সায়েদির সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড নিয়েছে দলটি।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে আফগান যুবাদের স্কোর ৮ উইকেটে ২২৬। এখন পর্যন্ত ৬৪ রানে এগিয়ে তারা।

বুধবার প্রথম দিন বাংলাদেশকে মাত্র ১৬২ রানে গুটিয়ে দিয়েছিল অতিথিরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুটা ছিল বাংলাদেশের বোলারদের। আগের দিনের ২ উইকেটে ৪০ রানে নতুন দিনের ব্যাটিং শুরু করেছিল আফগান যুবারা। মাত্র ১৮ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি।

কিন্তু বিলাল সায়েদি একপ্রান্তে ছিলেন অবিচল। আট নম্বরে নামা কামরান হোটাকের কাছ থেকে যোগ্য সহায়তা পান তিনি। সুবাদে ধাক্কা কাটিয়ে লিড নেয় আফগানিস্তান।

সপ্তম উইকেটে ১৩৮ রানের জুটি উপহার দেন বিলাল ও কামরান। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ২৯১ বলে ১২ চার ও ১ ছক্কায় ১০১ রানের ইনিংস খেলেন বিলাল সায়েদি।

দিনের শেষ ভাগে আবার ব্যাটিং নেমে অপরাজিত থেকেই দিন শেষ করেছেন বিলাল সায়েদি। কামরান হোটাক খেলেছেন ১৭৫ বলে ৬৬ রানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলার আশরাফুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত