মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে সুবর্ণা ইসলাম রোদেলা (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জের মুন্নু জেনারেল হাসপাতাল থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রোদেলা মানিকগঞ্জ শহরের সুরেন্দ্র কুমার (এসকে) সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। বিদ্যালয়ের ‘ক’ শাখায় তার রোল নম্বর ছিল এক। করোনার উপসর্গ নিয়ে রোদেলার মৃত্যুর পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঁচজন ছাত্রীর করোনা শনাক্তের পর ওই দুই শ্রেণির পাঠদান সাময়িকভাবে বন্ধ রেখেছে বিদ্যালয় কর্র্তৃপক্ষ।
মানিকগঞ্জে স্কুলছাত্রী রোদেলার মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজু খানম দেশ রূপান্তরকে বলেন, ‘রোদেলা গত ১৫ সেপ্টেম্বর সর্বশেষ স্কুলে গিয়েছিল। তখন তার শরীরে কোনো সমস্যা ছিল না। ওই ছাত্রী বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল। বিতর্ক, আইসিটিসহ অনেক বিষয়ে সে পারদর্শী ছিল। এমন এক ছাত্রীর মৃত্যুতে বিদ্যালয়ের সকলেই শোকাহত।’
মুন্নু জেনারেল হাসপাতালের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, রোদেলার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। সিটি স্ক্যান পরীক্ষার পর তার ফুসফুসে সংক্রমণ শনাক্ত হয়। তার রক্তে অক্সিজেনের মাত্রাও খুব কম ছিল। সংকটাপন্ন হওয়ায় তাকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। তার করোনার উপসর্গ ছিল। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে অবস্থার আরও অবনতি হলে ইবনে সিনা হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকরা রোদেলাকে মৃত ঘোষণা করেন।
সুরেন্দ্র কুমার (এস কে) সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজু খানম জানান, এর আগে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় গত শনিবার থেকে বুধবার পর্যন্ত ওই শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়। পরবর্তীকালে তার ৫৮ সহপাঠীকে করোনা পরীক্ষা করানো হয়। তবে কারও করোনা শনাক্ত না হওয়ায় এবং আক্রান্ত শিক্ষার্থী সুস্থ হওয়ায় গতকাল থেকে ওই শ্রেণির পাঠদান ফের চালু হয়েছে।
ঠাকুরগাঁওয়ে ৫ স্কুলছাত্রীর করোনা শনাক্ত : ঠাকুরগাঁও সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঁচ ছাত্রীর করোনা শনাক্ত হওয়ায় ওই দুই শ্রেণির পাঠদান সাময়িক বন্ধ রেখেছে বিদ্যালয় কর্র্তৃপক্ষ। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গত সোমবার বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির ২ জন ও পঞ্চম শ্রেণির ৩ জন ছাত্রীর নমুনা দেওয়া হয়। গত মঙ্গলবার নমুনা পরীক্ষা শেষে তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফারহানা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জে আরও এক শিক্ষার্থীর করোনা শনাক্ত : কোটালীপাড়ার পর এবার গোপালগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষটি তালাবদ্ধ করে দিয়েছে।
জানা গেছে, গোপালগঞ্জ পৌরসভার ১০২নং বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোনালিসা ইসলামের র্যাপিড টেস্টে করোনা পজিটিভ রিপোর্ট আসে গত ২১ সেপ্টেম্বর। মোনালিসা ইসলাম পৌরসভা শিশুবন এলাকার মাসুদ শেখের মেয়ে।
