কাবুল বিশ্ববিদ্যালয়

পিএইচডি ডিগ্রিধারী সরিয়ে বিএ পাসকে ভিসি নিয়োগ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০২:১১ এএম

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী উপাচার্য ড. মুহাম্মদ ওসমান বাবুরিকে বরখাস্ত করেছে তালেবান প্রশাসন। তার স্থলে মুহাম্মদ আশরাফ গাইরাত নামে বিএ ডিগ্রিধারী এক নেতাকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। গত বুধবার নতুন এ উপাচার্য নিয়োগের প্রতিবাদে অধ্যাপক, সহযোগী অধ্যাপকসহ বিশ্ববিদ্যালয়ের অন্তত ৭০ শিক্ষক পদত্যাগ করেছেন বলে খবর দিয়েছে এনডিটিভি। মুহাম্মদ আশরাফ গাইরাতের এ নিয়োগের বিরোধিতা করেছেন অনেক তালেবান নেতাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ অব্যাহত রয়েছে। সমালোচকরা গত বছর আশরাফ গাইরাতের ‘সাংবাদিকদের হত্যার পক্ষে সাফাই গাওয়া’ টুইট শেয়ার করছেন।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম দ্য খামা প্রেস নিউজ এজেন্সি বলছে, আফগানিস্তানের প্রথম সারির এ বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী ও পিএইচডি ডিগ্রিধারী অভিজ্ঞ উপাচার্যকে সরিয়ে তরুণ স্নাতক ডিগ্রিধারীকে নিয়োগ দেওয়ায় মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। সাধারণ মানুষ থেকে তালেবানের অনেক নেতাও নতুন সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

গত সোমবার আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানির নামে প্রতিষ্ঠিত সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কাবুল এডুকেশন ইউনিভার্সিটি করে তালেবান। ২০০৯ সালে আত্মঘাতী বোমা হামলায় নিজ বাসভবনে নিহত হন বুরহানউদ্দিন রব্বানি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত