টিকা প্রদানের পর শিশুর মৃত্যু, তদন্ত করবে ডব্লিউএইচও

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৮ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদানের ১৩ ঘন্টা পর দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার নছরতপুর গ্রামের জুয়েল আহমদের শিশু সানজিদা জান্নাত তুহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি টিকা প্রদান করা হয়। ওইদিন রাত ১২টায় তার অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। বিষয়টি ডব্লিউএইচওর প্রতিনিধিরা যারা টিকার সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে তারা তদন্ত করবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

মৃত শিশুটির বাবা জুয়েল আহমেদ অভিযোগ করে বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে নিয়ে যাই টিকা দেয়ার জন্য। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে চারটি টিকা (পেন্টা, পিসিডি, আইপিডি, ওপিড) দুই হাতে ও দুই পায়ে প্রয়োগ করেন। টিকা প্রয়োগের পর রাতে হঠাৎ ঘুমানো অবস্থায় শিশুটি কান্না করে উঠলে দেখতে পাই আমার মেয়েটার নাক দিয়ে ফেনা ও রক্ত বের হচ্ছে। পরে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এখানে ভর্তি না করিয়ে মৌলভীবাজার পাঠানোর পরামর্শ দেন। মৌলভীবাজার নেওয়ার পথেই আমার শিশুটি মারা যায়।’

তিনি আরও বলেন, ‘ভুল চিকিৎসায় আমার সুস্থ মেয়েটি মারা গেছে। এখন আমি কার কাছে যাব, কার কাছে গিয়ে বিচার দেব, কিছুই বুঝতে পারছি না। এই হাসপাতালে আরও কত শিশু ভুল চিকিৎসায় মারা যায় কিন্তু কোন বিচার হয় না।’

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ‘আমাদের এখানে প্রায় সময়ই বাচ্চাদের টিকা দেওয়া হয়। তবে টিকার কারণে সমস্যাগুলো তাৎক্ষণিক হয়ে থাকে। জ্বর বা সাধারণ সমস্যা হতেই পারে, কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে অন্যটা হয়ে গেল। এই বাচ্চাটার আগে কোন সমস্যা ছিল কি-না তা বুঝতে জেলাতে রিপোর্ট পাঠানো হয়েছে।’

বিষয়টি ডব্লিউএইচওর প্রতিনিধিরা যারা টিকার সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে তারা তদন্ত করবে। এখন রিপোর্ট আসা পর্যন্ত বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত