ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
গতকাল রবিবার সকালে পৌর শহরের তারাগন এলাকায় যুবদলের শতাধিক নেতাকর্মী ঝাড়ু হাতে প্রতিবাদ মিছিল করেন। তারা আগামী সাত দিনের মধ্যে ঘোষিত কমিটি বাতিলের দাবি জানান।
বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী মামুন মিয়া। লিখিত বক্তব্যে মামুন মিয়া অভিযোগ করেন, ওই দুটি কমিটিতে দলের দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী নেতাকর্মীদের রাখা হয়নি।
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম রানা, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোবাশে^র আহসান প্রমুখ। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা বলেন, কেন্দ্রের নির্দেশনায় আখাউড়া উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। যারা বিক্ষোভ করেছেন তাদের মধ্যে কেউ কেউ দল থেকে বহিষ্কৃত। বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে তাদের কমিটিতে ফিরিয়ে আনা হবে।
