চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে তিনজন মারা গেছেন। একই সময় জেলায় নতুন করে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২।
২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২৫ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১১ জন। মারা যাওয়া ব্যক্তিদের দুজন শহরের, একজন উপজেলার বাসিন্দা।
আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫২৮ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ২। এদিন করোনায় একজন মারা যান।
সরকারি হিসাবে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ২৯৩ জন। করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ৬৩০ জনের।
