ঝিনাইদহে সাপের কামড়ে দুইজনের মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৪ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুইটি গ্রামে একই রাতে সাপের কামড়ে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে।

রবিবার রাতে ওই উপজেলার রঘুনন্দনপুর ও দক্ষিণ মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- রঘুনন্দনপুর গ্রামের আবুল হোসেন জোয়ার্দ্দারের ছেলে মোকাদ্দেস হোসেন (৬৫) ও একই উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের আজগার আলির স্ত্রী রোক্সনা বেগম (৪৫)।

মৃত মোকাদ্দেস হোসেনের ছোট ভাই হাবিবুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে তার ভাই প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে যান। সেখানে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তাকে স্থানীয় ওঝাঁর কাছে নিয়ে গেলে ঝাঁড়ফুক করার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। সেখান থেকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টার দিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নিত্যানন্দপুর ইউনিয়নের ইউপি সদস্য বলাই কুমার বিশ্বাস জানান, দক্ষিণ মনোহরপুর গ্রামের গৃহবধূ রোক্সনা বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তাকে সাপে কামড় দেয়। যন্ত্রণা শুরু হলে প্রথমে স্বজনরা তাকেও প্রথমে গ্রাম্য ওঝাঁর কাছে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।

শৈলকুপা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কনক জানান, তার পায়ে দুটি দংশনের চিহ্ন রয়েছে। স্থানীয় কবিরাজ দেখিয়ে রোগীকে অনেক দেরিতে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত