নড়াইল শহরের মধ্য দিয়ে প্রস্তাবিত চার লেন সড়ক বাস্তবায়নের পক্ষে-বিপক্ষে কর্মসূচিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় বিক্ষুব্ধরা একটি গাড়ি ভাঙচুর করে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের রূপগঞ্জ প্র্রেস ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল শহর সংলগ্ন মালিবাগ থেকে সীতারামপুর পর্যন্ত প্রায় ১৮০ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত চারলেনের সড়কটি প্রি একনেকে অনুমোদন হয়েছে। সড়কটি দ্রুত বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে একটি পক্ষ। এতে অংশ নেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম মোর্ত্তজা স্বপন, সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অপরদিকে একই সময়ে রূপগঞ্জ বাজার এলাকার ব্যবসায়ীরা চারলেনের পরিবর্তে সড়ক প্রশস্তকরণ ও বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে চারলেনের পক্ষের বিক্ষুব্ধ লোকজন জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামানের গাড়ির গ্লাস ভাঙচুর করলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
