যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:১৩ পিএম

সড়ক দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বেনাপোল সড়কে যশোর সদরের নতুনহাটে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শামীমের ঘটনাস্থলে মৃত্যু হয়।

নিহত শামীম ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ছিলেন।

নতুনহাট এলাকার ইব্রাহিম হোসেন জানান, রাত ৮টার দিকে শামীম রেজা যশোরের দিক থেকে ঝিকরগাছায় যাওয়ার পথে নতুনহাটে আসলে পেছন থেকে এসে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। শামীম মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। ট্রাকটি পালিয়ে যায়।

যশোর কোতয়ালি থানার এসআই অনুপম রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন পরিবারের সদস্যরা শামীমের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল নিয়ে ঝিকরগাছায় বাড়ির দিকে গেছেন।

নিহতের ভাইয়ের ছেলে শাফায়েত হোসেন শিমুল জানান, রাত ৯টার দিকে তারা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে তাদের বাড়িতে আসেন। তারা ময়নাতদন্ত করতে চান না।

এদিকে খবর পেয়ে ওই সড়কের নাভারণ হাইওয়ে ফাঁড়ি পুলিশের এসআই মোফাজ্জেল হোসেন শামীমের বাড়িতে যান।

তিনি বলেন, ঘটনাস্থল ঘুরে নিহতের বাড়িতে এসেছি। তারা ময়নাতদন্ত করতে চায় না। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত