ধামাকা শপিংয়ের সিওওসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০৯ এএম

প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় এক গ্রাহকের করা মামলায় মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে র‌্যাবের এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।

দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে র‌্যাব বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানানো হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর ১১ লাখ টাকার প্রতারণার অভিযোগে ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে টঙ্গি পশ্চিম থানায় মামলা করেন শামীম খান নামের একজন ব্যবসায়ী।

মামলায় অভিযোগ করা হয়, ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করা হবে, এমন প্রতিশ্রুতিতে তিনি ১১ লাখ ৫৫ হাজার টাকার পণ্যের অর্ডার দিয়েছিলেন। এরপর তাকে টাকা ফেরতের চেক দেয়া হলেও একাউন্টে কোনো টাকা ছিল না। পরবর্তীতে তিনি অফিসে গিয়ে সেটি বন্ধ দেখতে পান।

গত বছরের নভেম্বর মাসে যাত্রা শুরুর পর ধামাকা গাড়ি, বাইকসহ বিভিন্ন পণ্যে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের ঘোষণা দিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম হিসেবে মোটা অংকের টাকা তুলে নেয়। বিভিন্ন ব্র্যান্ডের গাড়িতে ৩৫ শতাংশ ছাড়ের অফারও দিয়েছিল প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, আরেক ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগের মামলা করেন একজন গ্রাহক। সেই মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল কারাগারে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত